Cvoice24.com

২১ গরু লুট 
সেই কেয়ারটেকার আবদুল মান্নান ৩ দিনের রিমান্ডে

সিভয়েস২৪ ডেস্ক
১৭:৪১, ১৯ নভেম্বর ২০২৪
সেই কেয়ারটেকার আবদুল মান্নান ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামের পটিয়ায় ডেইরি ফার্ম থেকে ১৯ গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি কেয়ার টেকার আবদুল মান্নানের তিন দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ গাজী ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় বিচারক তিন দিনের রিমান্ড মন্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী এডভোকেট মো. লোকমান। 

এর আগে, গত ১২ নভেম্বর রাতে এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ২০-২২ জনের সংঘবদ্ধ একটি চোরের দল ১৯টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে ১৩ নভেম্বর রাতে কেয়ার টেকার আবদুল মান্নানকে প্রধান আসামি করে পটিয়া থানা মামলা দায়ের করেন। তবে তার আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবদুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন কথাবার্তায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।’ 

এরপরে খামারের সবকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরের দল ধরতে মাঠে নামে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম। ঘটনার পাঁচ দিন পর ১৭ নভেম্বর রাতে নগরের বহদ্দারহাট কাঁচা বাজার এলাকা থেকে মূল হোতা আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সদস্য পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. মোক্তার শাহকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন সোমবার (১৮ নভেম্বর) অভিযান চালিয়ে আবদুল রহমান ওরফে সুমন, দিদারুল ইসলাম নামে আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলো। 

এদিকে সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল এলাকার মরিয়ম এগ্রো ফার্ম থেকে তিন নৈশপ্রহরিকে মারধর ও অস্ত্র ঠেকিয়ে ২১টি গরু লুটের ঘটনা ঘটেছে। এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ তৌহিদ জানান, লুট হওয়া গরুর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর