Cvoice24.com

মন্দিরপথে ট্রাকচাপায় ১২, পূজামণ্ডপে পদদলনে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
১০:২২, ১৮ অক্টোবর ২০২৬
মন্দিরপথে ট্রাকচাপায় ১২, পূজামণ্ডপে পদদলনে নিহত ১৭

ভারতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। অন্যদিকে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক পুণ্যার্থীদের চাপা দিলে প্রাণ হারান আরও ১২ জন। দুই ঘটনায় আহত হয়েছেন অনেকে। 

শনিবার (১৭ অক্টোবর) কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে দিবাগত রাত দেড়টার দিকে। 

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মণ্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টি ও বিপুল জনসমাগমের মধ্যে মণ্ডপের বাইরে ও প্রবেশপথে ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে মানুষের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মণ্ডপের বের হওয়ার পথের সংকীর্ণতা এবং ভিড় সামলানোর পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের তথ্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

কলকাতা পুলিশের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পদদলনের সময় অনেক মানুষ মাটিতে পড়ে যান এবং কেউ কেউ জ্ঞান হারান। দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য আহতদের বিভিন্ন যানবাহনে করে সরিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে ধর্মীয় উৎসবের জনসমাগমস্থলে প্রবেশ ও বের হওয়ার পথ, পর্যাপ্ত আলো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পরিস্থিতি পরিদর্শন ও আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।

কলকাতার ঘটনার রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই একটি ট্রাক পুণ্যার্থীদের ওপর উঠে গেলে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাত দেড়টার দিকে ট্রাকটি চিননোর দিক থেকে আসছিল। সড়কটিতে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নিচে নেমে আসে। এ সময় সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন। পরে ট্রাকটি মন্দিরের ফটক ও বাইরের দেওয়ালে ধাক্কা দেয়। 

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর; তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। বাকিরা তুলনামূলক কম আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

জেলা প্রশাসক রুচিকা চৌহানের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন পাঠানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।