আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সম্বোধন করতে হবে ‘বিবি’
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর পরিবর্তে নারীদের ‘বিবি’ নামে সম্বোধন করতে বলা হয়েছে স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের। এমন সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীরা।
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি, ব্যবস্থাপত্র এবং সরকারি কাগজপত্রে নারীদের নিজস্ব নামের পরিবর্তে ‘বিবি’ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শব্দটির অর্থ দাদি বা বৃদ্ধা।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যে নারীদের ‘ছাগল’ ও ‘গরু’ বলেও সম্বোধন করার অভিযোগ উঠে এসেছে। তাঁর মতে, নারীদের নিজস্ব পরিচয় মুছে ফেলার মাধ্যমে তাঁদের অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া এটি।
একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত নির্দেশটি কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে না।
নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এই বিধিনিষেধ ভবিষ্যতে পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে। অতীতেও বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ পরবর্তী সময়ে দেশব্যাপী কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নারীদের অধিকার সংকুচিত করতে তালেবান সরকার এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ, অধিকাংশ পেশায় নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
এসব বাধার মধ্যেও কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের শিক্ষাদান অব্যাহত রেখেছেন। গত ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে।
অন্যদিকে, প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।
চিকিৎসা সংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছেন লালাহ ওসমানি। তার মতে, একই ধরনের নামে রোগীদের তথ্য সংরক্ষণ করা হলে চিকিৎসা ব্যবস্থায় বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে রোগী শনাক্তকরণে ভুল এবং ভুল চিকিৎসার ঝুঁকিও বাড়বে।
লালাহ ওসমানির ভাষায়, আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে সম্বোধন করাও এখন প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
অন্যদেশ সব খবর















