চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, একজনের কারাদণ্ড
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের ওই এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে জানান ওই আনসার সদস্য। খবর পেয়ে তিনি তার দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম মো. সোহেল বলে জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, তিনি ওই এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত ছিলেন। এসব ঘটনায় আগে কারাভোগও করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













