Cvoice24.com

কুমিল্লায় গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৫৬, ২৭ নভেম্বর ২০২৬
কুমিল্লায় গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল বন্ধ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠানটি বন্ধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরীর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে অলিরবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা তাকে এলাকায় মাহফিল করতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকেও অবহিত করেন।

শুক্রবার মাহফিল আয়োজনের প্রস্তুতি থাকলেও প্রশাসনের অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি আসার চেষ্টা করলে পাল্টা কর্মসূচি দিয়ে তাঁকে প্রতিহত করা হবে বলেও জানান মুফতি ইয়াকুব।

অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যেকোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।’

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।