কক্সবাজারের দুই মামলায় বদির ছেলে-ভাইসহ চারজন কারাগারে
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো চারজন হলেন— বদির ছেলে মো. শাওন আমরান (২৮), তার দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়। বুধবার সিলেটে পৌঁছে পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের নিয়ে কক্সবাজারে পৌঁছায় দলটি।
পরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাদের আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। এ সময় টেকনাফে সহিংসতা ও নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে চারজনকে কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান বলেন, সিলেটে গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়। বুধবার তারা গ্রেপ্তার ব্যক্তিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকালে তাদের কক্সবাজারে পৌঁছে আদালতে হাজির করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডও চাওয়া হবে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, চারজনের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
কক্সবাজার সব খবর















