সেন্টমার্টিনে অবৈধ মাছ শিকার, প্রধান মাঝির ২ মাসের কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের উত্তর দিকে সাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় একটি ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, পাঁচটি ট্রলিং জাল ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২০ জেলেকে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, আটক ২০ জেলের মধ্যে ট্রলিং বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার করা প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















