Cvoice24.com

ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি

ফটিকছড়ি প্রতিনিধি
১১:০১, ২৩ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল আবসার (৪০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারসংলগ্ন দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুরুল আবসার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড়া এলাকার শাহাবুদ্দিন চৌধুরীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নুরুল আবসার নিজের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্তকে দেখতে পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। দুর্বৃত্তরা তাঁর পিছু নিয়ে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় তার ঊরু, হাত ও বুকের বিভিন্ন অংশে গুলির আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসার পাশাপাশি এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন আবসার। এ কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন নাগরিক হিসেবে আবসার পুলিশকে সহযোগিতা করতেন। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও আবসারের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পরপর দুই দফা হামলার ঘটনায় এলাকায় ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর