পানের ঝুড়িতে ১৪ হাজার ইয়াবা, মহেশখালীর যুবক আটক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের চান্দগাঁওয়ে পানের ঝুড়িতে লুকিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ১৪ হাজার পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৭।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ফজলুল কাদেরের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানা এলাকায়। তার বাবার নাম মৃত জালাল আহমদ।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
এসআরবি জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












