Cvoice24.com

ইউটিউব দেখে ইয়াবা তৈরি, ভাড়া বাসায় মিলল কারখানার সন্ধান

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫৫, ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব দেখে ইয়াবা তৈরি, ভাড়া বাসায় মিলল কারখানার সন্ধান

ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন ১৯ বছর বয়সী তৌহিদুল আলম আকিব। পরে নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনে হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় বসান কারখানা। সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রিও করছিলেন বলে জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত দুই পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটকের পর তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম।

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রামের চান্দগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাট সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় মোবাইল ডিউটিতে থাকা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আকিব তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদে আকিব বলেছেন, ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর