Cvoice24.com

কনের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভাসছেন ভক্তরা

বিনোদন ডেস্ক
১৮:৫৪, ২১ নভেম্বর ২০২৬
কনের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভাসছেন ভক্তরা

সাজের ভাষায় কখনো কখনো নতুন করে ধরা দেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। রূপ আর আভিজাত্যের মেলবন্ধনে এবার তিনি হাজির হয়েছেন কনের সাজে। গাঢ় লাল শাড়ি, সোনালি গয়না আর পরিপাটি সাজে তার নতুন এই ব্রাইডাল লুক নজর কেড়েছে ভক্তদের। ফেসবুকে প্রকাশিত এক মিনিটের ভিডিওটি মাত্র দুই দিনেই দেখেছেন ২৩ লাখের বেশি দর্শক।

ভিডিওজুড়ে যেন বাঙালি কনের চিরচেনা সৌন্দর্যের এক নান্দনিক আয়োজন। গাঢ় লাল শাড়ির পাড়জুড়ে সোনালি নকশা, মাথায় শাড়ির সঙ্গে মানানসই ওড়না, কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না আর হাতে লাল-সোনালি চুড়ি—সব মিলিয়ে ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে সেজেছেন পূর্ণিমা।

লাল পর্দা আর ঝাড়বাতির আলোয় সাজানো পরিবেশে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়েছেন, কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মুচকি হেসেছেন। প্রতিটি দৃশ্যেই ফুটে উঠেছে তার সাজের মাধুর্য। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

নতুন এই সাজে ভক্তদের কাছ থেকেও পেয়েছেন প্রশংসা। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, বয়সের সঙ্গে পাল্লা দিয়েও কীভাবে এমন সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছেন পূর্ণিমা। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো সিনেমায় অভিনয় করে জায়গা করে নেন দর্শকের মনে।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক ও অনুষ্ঠান উপস্থাপনাতেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত পূর্ণিমা। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তাকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমি পরিচালিত ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।