দুর্গাপূজায় সারথী চৌধুরীর কণ্ঠে ‘এসো মা দুর্গা’
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন ভক্তিমূলক গান ‘এসো মা দুর্গা’। শুক্রবার (১৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে গানটি ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি দেওয়া হয়।
গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উদীয়মান কণ্ঠশিল্পী সারথী চৌধুরী। তার সুমধুর ও আবেগঘন গায়কীতে দেবী দুর্গার বন্দনা নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘এসো মা দুর্গা’ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রকাশিত এ গানটি ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বোয়ালখালীর সন্তান সারথী চৌধুরীর কণ্ঠে দেবী দুর্গার বন্দনা স্থানীয় শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তার সংগীতজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় সংগীতপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা।
গানটির গীতিকার ও সুরকার ফরিদ বঙ্গবাসী জানান, পূজার পবিত্রতা ও আনন্দঘন আবহকে ঘিরে গানটি তৈরি করা হয়েছে। এর অন্যতম আকর্ষণ নান্দনিক চিত্রায়ণ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘসহ বিভিন্ন মনোরম স্থানে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। এসব দৃশ্য দর্শকদের মধ্যে বাড়তি মুগ্ধতা তৈরি করবে বলে আশা তার।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘এসো মা দুর্গা’ গানটি শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ভক্তিময় আবহকে আরও সমৃদ্ধ করবে এবং শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে।
বিনোদন সব খবর















