হাতে হাত রেখে দীপাবলির পার্টিতে অভিষেক-ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। কখনো বিচ্ছেদের আলোচনা, কখনো আলাদা থাকার খবর—সব মিলিয়ে এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে সব জল্পনার মধ্যেই এবার একসঙ্গে জনসমক্ষে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার আয়োজিত দীপাবলির তারকাখচিত অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন অভিষেক ও ঐশ্বরিয়া। শুধু উপস্থিতিই নয়, একে অপরের হাতে হাত রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন এই দম্পতি। তাদের এমন ঘনিষ্ঠ উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে অতিথি ও আলোকচিত্রীদের।
অনুষ্ঠানে অভিষেকের পরনে ছিল কালো শেরওয়ানি। অন্যদিকে, টকটকে লাল শাড়ি ও সোনালি পাড়ে দারুণ সাজে ধরা দেন ঐশ্বরিয়া। লাল গালিচায় পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তারা। আলোকচিত্রীদের পক্ষ থেকে আলাদা ছবি তোলার অনুরোধ জানানো হলেও দুজন একসঙ্গেই ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
প্রতি বছরের মতো এবারও মণীশ মালহোত্রার দীপাবলির আয়োজনে বলিউডের বহু তারকার সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কাজল ও জেনেলিয়া ডি'সুজার মতো পরিচিত মুখ। তবে সব তারকার ভিড়েও অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে উপস্থিতি ছিল বিশেষ আলোচনার বিষয়।
অনুষ্ঠানে এই তারকা দম্পতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস। অনেকেই তাদের একসঙ্গে দেখে আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাদের মধ্যে যেন ফিরে এসেছে পুরোনো দিনের সেই পরিচিত রসায়ন।
অভিষেক ও ঐশ্বরিয়ার পরিচয় ১৯৯৯-২০০০ সালের একটি ফটোশুটের সূত্রে। পরে 'ঢাই অক্ষর প্রেম কে' ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর 'উমরাও জান', 'গুরু' ও 'ধুম ২'-এর মতো ছবিতে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে বিয়ে করেন এই তারকা জুটি।
তবে গত কয়েক বছর ধরে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা ধরনের জল্পনা ছড়িয়েছে। বিশেষ করে আলাদা থাকা ও সম্পর্কের দূরত্ব নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে। যদিও এসব গুঞ্জন নিয়ে তাঁদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, মেয়ে আরাধ্যাকে নিয়ে ব্যক্তিগত জীবনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। বড় পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম হলেও ভক্তদের আগ্রহে কোনো ভাটা পড়েনি।
বিনোদন সব খবর















