চন্দনাইশে সড়কের পাশ থেকে উদ্ধার যুবকের মৃত্যু
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার গাছবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় পথচারী মাওলানা মো. জুনাইদ সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাশে হাশেমকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাশেম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাশেমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। তবে তার মৃত্যু হত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল আবেদীন জানান, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













