পরিবর্তন শুধু খাগড়াছড়িতে
‘ভোটের পরও’ বদলায়নি চট্টগ্রাম জামায়াতের শীর্ষ নেতৃত্ব
সিভয়েস২৪ প্রতিবেদক
রুকনদের গোপন ভোটে খাগড়াছড়ি ছাড়া বৃহত্তর চট্টগ্রামের জামায়াতে ইসলামীর অন্য ইউনিটগুলোতে আগের নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন সংগঠনের সদস্যরা। ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জামায়াতের আমির পদে দায়িত্ব পেয়েছেন আগের দায়িত্বশীলরাই।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ তালিকা ঘোষণা করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। উত্তর জেলা জামায়াতের আমির হয়েছেন আলাউদ্দিন শিকদার। দক্ষিণ জেলা জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী।
তবে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সেখানে নতুন আমির নির্বাচিত হয়েছেন মিনহাজুর রহমান। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সম্প্রতি প্রত্যেক ইউনিটে আলাদাভাবে রুকনদের গোপন ব্যালটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কেন্দ্র থেকে একযোগে নাম ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় আগের আমিররাই পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহত্তর চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি ছাড়া অন্য ইউনিটগুলোতে নেতৃত্বে পরিবর্তন আসেনি।
রাজনীতি সব খবর















