Cvoice24.com

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই : আবু সুফিয়ান

সিভয়েস২৪ ডেস্ক
২০:২৬, ১৩ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই : আবু সুফিয়ান

‘ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি বলেন, সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, ধর্ম বা বর্ণ বিবেচনায় নেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর সমাজসেবা কার্যালয়-১, চট্টগ্রাম এ সভার আয়োজন করে।

আবু সুফিয়ান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার, যা দেশের সাধারণ মানুষের কল্যাণে বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব দিয়ে প্রকৃত যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঠিক তথ্য সংগ্রহ এবং নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই কর্মসূচির লক্ষ্য অর্জন সম্ভব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম শহর সমাজসেবা কার্যালয়-১-এর সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, সদস্যসচিব সরওয়ার আলম, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম সিএমএম কোর্টের প্রবেশন কর্মকর্তা মঞ্জুর মোরশেদসহ অন্যরা।