নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট গ্রেপ্তার
সিভয়েস২৪ ডেস্ক
নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জেলা সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্ট কুঠির এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন ভট্ট একই এলাকার দুঃখ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ ৯ মাস বয়সী মেয়েকে দেখতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন তিনি। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্টকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
রাজনীতি সব খবর















