তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
ফুলকলিতে পোড়া তেলে চানাচুর, শপিং ব্যাগে খাদ্যের পাশে ইঁদুর মারার ওষুধ
সিভয়েস২৪ প্রতিবেদক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার এবং খাবারে ময়লা-পোকামাকড়ের উপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরের তিনটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (৭ নভেম্বর) মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। এ সময় ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৬ লাখ, শপিং ব্যাগ সুপারশপকে ৩ লাখ এবং কাহওয়া ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফুলকলিতে উৎপাদন কাজে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহার, ডালডায় পলিথিন ও ময়লা পাওয়া যায়। এ ছাড়া পোড়া তেলে চানাচুর ও মটরভাজা তৈরি এবং খাদ্য সংরক্ষণের স্থানে মাছি ও তেলাপোকার উপস্থিতি শনাক্ত করা হয়।
অন্যদিকে, শপিং ব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, খাদ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা এবং পচা মরিচ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি খোসপাঁচড়ায় আক্রান্ত কর্মী দিয়ে মসলা প্রস্তুতের বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ ও ময়লাযুক্ত খামি, পচা বিটরুট এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এ ছাড়া ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকসকে ম্যাঙ্গো ড্রিংকস হিসেবে বিক্রির বিষয়টিও শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান, জরিমানার অর্থ অনাদায়ে ফুলকলি ও শপিং ব্যাগ সুপারশপকে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কাহওয়া ক্যাফের ক্ষেত্রেও একই মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া শপিং ব্যাগ সুপারশপকে আগামী ১৫ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে খেলনা বিক্রির স্থান থেকে মেজবানির মাংসের পাতিল আলাদা রাখার বিষয়ে প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, এসআরবি-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














