মিরসরাইয়ে আগুনে পুড়ল সাত ব্যবসাপ্রতিষ্ঠান
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের পাশের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবারের হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














