অবশেষে সেন্টমার্টিনের পথে জাহাজ, গেলেন ৮০০ পর্যটক
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
নানা নাটকীয়তার পর অবশেষে সেন্টমার্টিনের পথে ছেড়েছে পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে প্রায় ৮০০ পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছেড়েছে এমভি বার আউলিয়া।
সকাল ৭টা ৪০ মিনিটে জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো।
এর আগে, বুধবার দিনভর জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সকালে প্রয়োজনীয় সব দাপ্তরিক অনুমোদন পাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার থেকে তিনটি জাহাজ চলাচলের ঘোষণা দিয়েছিল জাহাজ কর্তৃপক্ষ। এ ঘোষণার পর টিকিট বিক্রিও শুরু হয়। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচ শতাধিক টিকিট বিক্রি হয়েছিল।
তবে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি না পাওয়ায় বৃহস্পতিবার জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়। এতে আগে থেকে টিকিট কাটা পর্যটকেরা বিপাকে পড়েন।
পরে বুধবার রাত ১০টার দিকে একটি জাহাজ চলাচলের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, জেলা প্রশাসক বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের সম্মতি দিয়েছেন। আগে থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকেরা এমভি বার আউলিয়ায় সেন্টমার্টিন যেতে পারবেন। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল শুরু করবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ইতিমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন সূত্রে জানা গেছে, নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ নামের তিনটি জাহাজ। এসব জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়ার সকাল ৭টায়, এমভি কর্ণফুলীর সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফের সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে যাত্রা করার কথা ছিল। তবে বৃহস্পতিবার শেষ পর্যন্ত শুধু এমভি বার আউলিয়াই সকাল ৭টা ৪০ মিনিটে যাত্রা শুরু করে।
কক্সবাজার সব খবর














