Cvoice24.com

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৪৮, ৩ নভেম্বর ২০২৬
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তারা ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানলে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। এ সময় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।

নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে দাবি করেন তিনি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।