Cvoice24.com

সড়কজুড়ে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:০২, ৩ নভেম্বর ২০২৬
সড়কজুড়ে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়ম নগর থেকে লিচুবাগান পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। গুরুত্বপূর্ণ এই সড়কে যাতায়াত এখন স্থানীয় মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত এড়িয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। শিক্ষক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে গর্তের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেশি। রাতের বেলা ও বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে যাওয়ায় চালকেরা সেগুলো সহজে বুঝতে পারেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে সড়কটির দায়িত্বে থাকা চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ বলেন, সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরির কাজ শেষ হয়েছে। বাজেট অনুমোদন পাওয়া গেলে দুই মাসের মধ্যে মেরামতকাজ শুরু হতে পারে।

সড়কটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জননিরাপত্তা ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হোক।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর