ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির আহমদের ছেলে।
দিদারের মা নাছিমা আক্তার অভিযোগ করেন, তার ছেলে ইয়াবা সেবন করে বেশ কিছুদিন ধরে তাকে মারধর করে আসছে। সর্বশেষ গত সোমবারও ছেলের মারধরের কারণে তিনি বাড়িতে থাকতে পারেননি। এ ঘটনায় তিনি চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন ও স্থানীয় গ্রামপুলিশকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জানান।
নাছিমা আক্তার বলেন, ‘আমার ছেলে নষ্ট হয়ে গেছে। তাকে সাজা দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে ওই নারী নিজেই ইউএনওর কাছে আসেন। ইউএনওর নির্দেশনায় তাকে নিজের কার্যালয়ে পাঠানো হলে তিনি অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন। এ সময় দিদারুল আলম দীর্ঘ সাত মাস ধরে ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন।
পরে মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













