উখিয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১
গভীর রাতে ঘোরাফেরা, আটক ৫ কিশোর
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের পরিচয় ও বিভিন্ন তথ্য যাচাই করে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় সতর্ক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি পাঁচজন এবং জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রিমান্ড শেষে একজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে পাঁচ কিশোরকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও বিভিন্ন তথ্য যাচাই করা হয়। তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় সতর্ক করে মুচলেকা নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আতিকুর রহমান বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, আটক পাঁচ কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার সব খবর















