Cvoice24.com

পেকুয়ায় গাছে ঝুলছিল তরুণের মরদেহ, বাবার দাবি ‘হত্যা’

পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১০, ৩১ অক্টোবর ২০২৬
পেকুয়ায় গাছে ঝুলছিল তরুণের মরদেহ, বাবার দাবি ‘হত্যা’

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়কের পাশে একটি গাছ থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় নুরু সোলতান (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্ধখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নুরু সোলতান ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে বাড়ি ফেরার পথে একই এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কের পাশে একটি গাছে তরুণের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ দৃশ্য দেখে ভয়ে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নুরু সোলতানের বলে শনাক্ত করেন। খবর দেওয়া হয় তাঁর মা-বাবাকে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

নিহতের বাবা নুরুল ইসলাম জানান, রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে তার ছেলে বাড়ি থেকে বের হয়। এত রাতে বের হওয়ার কারণ জানতে চাইলে সে জানায়, মানিক নামে এক বন্ধু মুঠোফোনে তাকে ডাকছে। এ কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে স্থানীয় লোকজন তার ছেলের মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়ার খবর দেন।

নুরুল ইসলামের দাবি, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় কয়েকজন জানান, নুরু সোলতানের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রায়ই মুঠোফোনে কথা বলতেন। ঘটনার দিনও ওই তরুণীর সঙ্গে তার কথা হয়েছিল। তাদের ধারণা, প্রেমের সম্পর্কে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কক্সবাজার সব খবর