Cvoice24.com

উখিয়া-টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৪২, ২৯ অক্টোবর ২০২৬
উখিয়া-টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে উখিয়ার পালংখালী থেকে মালিকবিহীন দেড় লাখ এবং টেকনাফের হ্নীলা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে উখিয়ার পালংখালী বিওপির টহল দল গুইজ্জা খালের মিজানের ঘের এলাকায় মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা সঙ্গে থাকা পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা তল্লাশি করে ১৫টি কার্টনে রাখা দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা বিওপির টহল দল কাকড়া পোস্ট বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মো. শরীফ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক শরীফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক পাচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর