রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কনুই থেকে দুই হাত বিচ্ছিন্ন
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির হাত থেকে পাকা ধান রক্ষায় ক্ষেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষক হত্যার শিকার হয়েছেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তার দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল স্লুইস গেট এলাকার রফু মিয়ার ছেলে। পেশায় দিনমজুর নেজাম কৃষিকাজের পাশাপাশি গাছ কাটার কাজ করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আগের রাতে বন্যহাতির কবল থেকে পাকা ধান রক্ষায় ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন নেজাম। সকালে বাড়িতে না ফেরায় স্বজনেরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সড়কের ওপর বৃষ্টির পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমার ভাই একজন নিরীহ চাষা ও গাছ কাটার শ্রমিক ছিল। তাকে কেন, কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা আমরা বুঝতে পারছি না।’
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সরফভাটায় গত এক মাসে একাধিক ব্যক্তি সন্ত্রাসী হামলায় কুপিয়ে আহত হয়েছেন। এর আগে একটি ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে বলে তারা জানান।
তাদের দাবি, গত দুই বছরে রাঙ্গুনিয়ায় ২০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি সরফভাটা ইউনিয়নে সংঘটিত হয়েছে বলে তাদের ভাষ্য। এসব ঘটনার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















