বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর ২৮ হাজার ইয়াবা, ধরা পড়লেন যাত্রী
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে লুকানো একটি লোহার হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ ঘটনায় মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম।
উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে করে মাদক নিয়ে এক কারবারি চট্টগ্রাম মহানগরের দিকে আসছেন। এর ভিত্তিতে ডিবি-উত্তর বিভাগের টিম-২ ও স্পেশাল টিম-২ বাকলিয়া থানার রাজাখালী এলাকায় জিরার্ড ফ্যাশন গার্মেন্টসের বিপরীতে নাহার স্কেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়।
পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৫৪ নম্বরের বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় টেকনাফের উত্তর ডেইলপাড়া এলাকার বাসিন্দা জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে একটি লোহার তৈরি হাইড্রোলিক জ্যাকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় জালাল উদ্দীনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, জালাল উদ্দীনের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৩ সালের ৪ আগস্ট ঢাকার মতিঝিল থানায় এবং অন্যটি ২০১৭ সালের ৯ জুলাই কক্সবাজার সদর থানায় করা হয়েছিল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













