সৌদিতে বজ্রপাতে প্রাণ গেল সাতকানিয়ার যুবকের
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-উলা এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।
নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমান আবু বকর। দেশটির আল-উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি। রবিবার রাতে পরিবারের সদস্যরা খবর পান, বাগানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয়। তার অকালমৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













