Cvoice24.com

ভর্তি পরীক্ষার গল্প নিয়ে শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:৩৫, ২৫ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষার গল্প নিয়ে শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’

টিউশনের আয় ও হাতখরচের টাকা জমিয়ে সিনেমা নির্মাণ করেছেন চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের নির্মিত ‘অন্যপাতা’ দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভর্তি পরীক্ষার লড়াই, মধ্যবিত্ত পরিবারের প্রত্যাশা ও তরুণদের জীবনের টানাপোড়েন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা পাল।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ১ ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটির পেছনে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী। শুরুতে ছয়জনের উদ্যোগে কাজটি শুরু হলেও পরে বড় দলে পরিণত হয়। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশের ১১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হচ্ছে।

ভর্তি পরীক্ষার গল্প ‘অন্যপাতা’

সিনেমাটির গল্প বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে। কোচিংয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে- এমন এক মধ্যবিত্ত পরিবারের তরুণকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। পরিবারের প্রত্যাশা, অর্থকষ্ট, ভালোবাসা ও পরিচয়ের সংকট উঠে এসেছে এতে।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মো. শাহেজাহান এ্যানি। তিনি চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী। এ্যানি বলেন, ‘অন্যপাতা’ কোনো পরীক্ষামূলক গল্প নয়। এটি সবার প্রতিদিনের লড়াইয়ের গল্প। দর্শক বড় পর্দায় নিজেদের খুঁজে পাবেন বলে আশা করেন তিনি।

চট্টগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণ

সিনেমাটির নির্মাণে চুয়েটের শিক্ষার্থী শাহেজাহান এ্যানি পরিচালনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা পাল। শাকিলের এটি প্রথম সিনেমা।

সিনেমাটির অন্যতম প্রযোজক অংকন দে অনিমেষও চুয়েটের শিক্ষার্থী। আরেক প্রযোজক আবতাহী শামস বুয়েটের শিক্ষার্থী। তাঁদের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বড় কোনো প্রযোজনা সংস্থা বা বিনিয়োগকারী ছাড়াই সিনেমাটি নির্মাণ করেছেন তাঁরা। টিউশনের আয় ও হাতখরচের টাকা থেকে এর ব্যয় মেটানো হয়েছে। নির্মাণের পাশাপাশি নিজেদেরই বিতরণের দায়িত্ব নিতে হয়েছে তাঁদের।

অংকন দে অনিমেষ জানান, সিনেমা নির্মাণের পর সেটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। চলচ্চিত্রশিল্পে যোগাযোগ কম থাকায় নানা জটিলতায় পড়তে হয়েছে তাঁদের। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে প্রায় এক লাখ টাকা হারান তাঁরা। এরপরও পিছিয়ে না গিয়ে সিনেমাটি মুক্তির ব্যবস্থা করেন।

আবতাহী শামসের কাছে ‘অন্যপাতা’ স্বপ্ন পূরণের অভিজ্ঞতা। তিনি বলেন, প্রযোজক হিসেবে প্রথম কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। দলের সবার পরিশ্রম ও বিশ্বাসকে একটি গল্পে তুলে ধরতে পারাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

চট্টগ্রামেও চলছে সিনেমাটি

প্রথম ধাপে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, শ্যামলী সিনেমা ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে সিনেমাটি মুক্তি পেয়েছে। চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড শাখা ও সুগন্ধা সিনেপ্লেক্সেও চলছে ‘অন্যপাতা’। এছাড়া কুমিল্লার কে স্ক্রিন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মমো ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পেয়েছে।

প্রসঙ্গত, সিনেমাটিতে ছয়টি মৌলিক গান ও আবহসংগীত রয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার প্রাকৃতিক দৃশ্যও তুলে ধরা হয়েছে।