Cvoice24.com

চট্টগ্রাম বিমানবন্দরে জামা-ব্যাগে দেড় কেজি সোনার চুড়ি এনে ধরা

সিভয়েস২৪ প্রতিবেদক
২০:১৪, ২৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে জামা-ব্যাগে দেড় কেজি সোনার চুড়ি এনে ধরা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক হজযাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণের চুড়ি-অলংকার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এ আসা ওই যাত্রীকে এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি করে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস।

বিমানবন্দরের জনসংযোগ শাখা জানায়, বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে যাত্রীর হাতব্যাগ ও জামা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণ পরিবহনে জড়িত যাত্রীর নাম মো. শরীফ যাঁর ঠিকানা নোয়াখালীর সেনবাগ। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র একজন সদস্য বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ শাখা আরও জানায়, যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাসমূহ ও বিমানবন্দর কাস্টমসসহ সর্বোপরি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর