চন্দনাইশে চোর চক্রের ৮ সদস্যসহ গ্রেপ্তার ১০
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশে যৌথ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আটজন চন্দনাইশ থানার চুরি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটির নম্বর ১৫ (জিআর-১৬৬/২৬)। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চন্দনাইশের বরমা এলাকার ছৈয়দ (৪৮), সন্দ্বীপের নজরুল ইসলাম (৩৫), বায়েজিদ এলাকার নয়ন ওরফে আব্দুল্লাহ (৪০), লোহাগাড়ার নাছির উদ্দিন (৩৫), বাঁশখালীর নজরুল ইসলাম (২৪) ও আব্দুর রহমান (২৭), কোতোয়ালী এলাকার তারেক (২৬) এবং সুনামগঞ্জের শরীফ মিয়া ওরফে কালু (২৭)।
এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল গনি এবং মোবাইল কোর্টের মাদক মামলায় ১০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত রাসেলকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














