আহত ৪
সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা জুট মিলস গেট এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন— রোজি আক্তার (৬৫) ও তার মেয়ে নাজমা খাতুন (৪৫)। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর এলাকায়। আহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান জানান, বান্দরবানের লামায় থাকা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিলেন রোজি আক্তার। পথে বাড়বকুণ্ডের আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মিল্টন মণ্ডল জানান, দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












