Cvoice24.com

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিনজনের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি
২৩:১৭, ২১ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিনজনের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি জাদুঘরসংলগ্ন সমুদ্রে গোসল করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন পর্যটক এবং অপরজন তাঁদের উদ্ধারে এগিয়ে যাওয়া এক যুবক। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকরা হলেন ঢাকার উত্তরা উত্তরখান এলাকা থেকে আসা আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩)। উদ্ধার হওয়া অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। নিখোঁজদের মধ্যে পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড় (২৩) রয়েছেন। অপর নিখোঁজ ব্যক্তি পর্যটকদের উদ্ধারে পানিতে নেমেছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাতজন পর্যটক বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা কক্সবাজারে পৌঁছান। পরে দুপুর ১টার দিকে হিমছড়ি প্যাঁচার দ্বীপ জাদুঘরসংলগ্ন ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন।”

ওসি আরও বলেন, “খাওয়া-দাওয়া শেষে বিকেল ৪টার দিকে সাত পর্যটক সমুদ্রে গোসল করতে নামেন। তাঁদের কেউই সাঁতার জানতেন না বলে জানা গেছে। এ সময় কাছাকাছি কয়েকজন যুবককে পানিতে ডুবে যেতে দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে যান পর্যটকেরা। একপর্যায়ে পর্যটকেরাও সমুদ্রের স্রোতের কবলে পড়ে ভেসে যেতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।”

স্থানীয় লোকজনের সহায়তায় আল মাহিবুর ইবনে মোকাররম ও সাইবুল হক জিসানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের সঙ্গে থাকা এসএম নাফিসুর রহমান নিবিড় নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নাফিসুল হক নিবিড়ের খালা শামীমা সুলতানা বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিচ্ছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানি না।”

অন্যদিকে, পর্যটকদের উদ্ধারে পানিতে নামা যুবকদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ঐশ্বর্য অক্ষর (২৩) নামের আরও এক যুবক নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত অবস্থায় রাকিব নামের অপর এক যুবককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।