Cvoice24.com

বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
০৯:৩৩, ২১ অক্টোবর ২০২৬
বিজয়া দশমী আজ, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর

আজ বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ চট্টগ্রামসহ সারাদেশে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবীর বিদায়বেলায় মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর। ভক্তদের চোখে থাকবে বিদায়ের বেদনা, আর ঢাক-ঢোল ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজামণ্ডপ।

সকালে বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর বিহিত পূজা। পূজা শেষে সম্পন্ন হবে দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। এরপর স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময় অনুযায়ী শোভাযাত্রাসহকারে প্রতিমা নিয়ে বিসর্জনস্থলের উদ্দেশে যাত্রা করবেন ভক্তরা।

চট্টগ্রাম নগরীতে প্রতিমা বিসর্জনের প্রধান আয়োজন করা হয়েছে পতেঙ্গা সমুদ্রসৈকতে। এ ছাড়া মহানগরের অভয়মিত্র ঘাট, কালুরঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সকালে দশমী পূজা শেষে দুপুরের পর থেকে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা নিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের উদ্দেশে যাত্রা শুরু হবে। বিসর্জনকে ঘিরে সৈকত এলাকায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

বিসর্জন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর পূজা ও আরতি শেষে মহানগরসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি বিদায়ের বিষাদও ছড়িয়ে পড়ে। মহানবমীতে চট্টগ্রাম মহানগর, জেলা ও উপজেলার বিভিন্ন মণ্ডপে গভীর রাত পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল। দেবীর চরণে অঞ্জলি নিবেদন, ভোগ প্রদান ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন তারা।

চট্টগ্রাম মহানগরের চকবাজার, চেরাগী পাহাড়, জামালখান, প্রবর্তক মোড়, দেওয়ানজী পুকুর, রাজাপুর লেন, পাথরঘাটা, আন্দরকিল্লা,  হাজারী লেন, নালাপাড়া, আগ্রাবাদ, মুরাদপুর, উত্তর কাট্টলি ও দক্ষিণ কাট্টলিসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ছিল ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতি। চট্টগ্রাম মহানগরীতে ২৯৪টি এবং জেলায় ১ হাজার ৪৬৫টিসহ মোট ১ হাজার ৭৫৯টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

হিন্দুশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। দেবীর বিদায়ের আগে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতনী নারীরা। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, দেবীর চরণে সিঁদুর নিবেদন করে তা নিজেদের সিঁথি ও কপালে ধারণ করেন তারা। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে শুভকামনা জানান।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য শুধু প্রতিমা বিসর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়াও এর অন্যতম শিক্ষা। সব ধরনের নেতিবাচক প্রবৃত্তি পরিহার করে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় এ উৎসব।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। দেবীর বিদায়বেলায় ভক্তদের মনে যেমন থাকবে বিষাদের আবহ, তেমনি আগামী বছর আবারও দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন তারা।