Cvoice24.com

ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফা ডাকাতি, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১৫:৪৮, ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফা ডাকাতি, আটক ২

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতির ঘটনায় ১২ ঘণ্টার বেশি সময় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তলও।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ছয়টা ও দুপুর আড়াইটার দিকে হিমছড়ি ঢালায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, অলংকার ও অন্যান্য মালামাল লুট করে। পরে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে লুণ্ঠিত ব্যাগ, অলংকার ও অস্ত্র উদ্ধার করা হয়।

ডাকাতির শিকার ব্যক্তিরা জানায়, ১২ থেকে ১৫ জনের একটি দল ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রীর মালামাল লুট করে। এ ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।