ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার ইনানী বিচের পাটকটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় অংশ নেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কক্সবাজার সব খবর















