নিষেধাজ্ঞা উঠতেই পর্যটকে মুখর সাজেক, প্রথম দিনেই ৫ শতাধিক
নিউজ ডেস্ক, সিভয়েস২৪
চার দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকেই পর্যটকদের আগমন শুরু হয়। এদিন সকালেই পাঁচ শতাধিক পর্যটক সাজেকে পৌঁছেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটকদের এমন উপস্থিতিতে স্বস্তি ফিরেছে সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে সাম্প্রতিক সময়ে হওয়া আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, ‘শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০ থেকে ৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে এসেছেন। বিকেলের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।’
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, ‘দীর্ঘদিন পর্যটক না আসায় পাহাড়ের এই পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। তবে দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে সাম্প্রতিক সময়ের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটিকে কেন্দ্র করে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ফলে আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে সাজেক ভ্যালি।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকদের এই আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বাড়তি উপস্থিতিতে সাজেকের পর্যটন ব্যবসায় আবারও গতি ফিরবে।
পাহাড় সব খবর














