হালদা-কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় কাপ্তাইয়ে প্রশিক্ষণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুফলভোগীদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। হালদা ও কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের আওতাধীন ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর অধীনে প্রশিক্ষণের আয়োজন করে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এতে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদী এলাকার নির্বাচিত ২৫ জন মৎস্যজীবী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান।
প্রশিক্ষণে হালদা ও তৎসংলগ্ন কর্ণফুলী নদীর পরিবেশগত গুরুত্ব, প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, সঠিক নিয়মে পোনা পরিবহন, আধুনিক নার্সারি ব্যবস্থাপনা, টেকসই মৎস্যচাষ পদ্ধতি এবং মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, হালদা ও কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের কারিগরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাঁদের জীবনমান উন্নয়ন এ উদ্যোগের মূল লক্ষ্য।
পাহাড় সব খবর















