মিরসরাই সীমান্তে অর্ধশত গরু জব্দ করেছে বিজিবি
মিরসরাই প্রতিনিধি
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি। রোববার দুপুরে (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার করেরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















