Cvoice24.com

ফটিকছড়িতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৪৬, ১১ অক্টোবর ২০২৬
ফটিকছড়িতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে মর্তুজা এলায়েস লাকি আকতার (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরামের হচ্ছারঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।

নিহত লাকি আকতার ওই এলাকার মো. ইউনুছ প্রকাশ মনার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ইউনুছ বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শোবার ঘরে লাকিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি। পরে স্বজনদের সহায়তায় তাকে নিচে নামানো হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে লাকি আকতার ও ইউনুছ বিয়ে করেন। লাকি নগরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর তারা খিরামে বসবাস করছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

খবর পেয়ে নিহতের ভাই-বোনেরা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।