Cvoice24.com

৯ বছর পর নতুন গান, ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার 

বিনোদন ডেস্ক
১৭:৫৮, ১০ অক্টোবর ২০২৬
৯ বছর পর নতুন গান, ‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার 

অভিনয়ে যেমন নিজের স্বতন্ত্র পরিচয় গড়েছেন, তেমনি সংগীতেও রয়েছে কুসুম শিকদারের আলাদা পদচারণা। দীর্ঘ বিরতি, অভিনয় ও নির্মাণের ব্যস্ততা পেরিয়ে আবারও নিজের লেখা মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা। নতুন গানের নাম ‘প্রবল ঘোর’।

প্রায় নয় বছর পর নিজের লেখা মৌলিক গান প্রকাশ করলেন কুসুম। এর আগে ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল তার ‘নেশা’ শিরোনামের গান। দীর্ঘ সময় পর নতুন গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতে আবারও নিজের উপস্থিতি জানান দিলেন এই অভিনেত্রী।

‘প্রবল ঘোর’-এর কথা লিখেছেন কুসুম শিকদার নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। তবে নতুন এই গানের জন্ম আরও কয়েক বছর আগে, ২০২০ সালে করোনা মহামারির সময়। তখনই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। নানা কারণে এত দিন প্রকাশের আলো দেখেনি গানটি। অবশেষে মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছেছে ‘প্রবল ঘোর’।

নতুন গান প্রকাশের পেছনের গল্প জানিয়ে কুসুম বলেন, ‘‘এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।’’

গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে হয়েছে এর দৃশ্যধারণ। ভিডিওতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে শের শাহ রাসেলকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার।

কুসুমের সঙ্গে নকুল সরকারের কাজের অভিজ্ঞতাও অবশ্য নতুন নয়। এর আগে কুসুমের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন তিনি। এবার ‘প্রবল ঘোর’-এর মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করলেন তাঁরা।

কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। দীর্ঘ বিরতির পর নিজের লেখা ও কণ্ঠের মৌলিক গান নিয়ে তার এই প্রত্যাবর্তন ভক্ত-শ্রোতাদের জন্য নতুন সংযোজন। অভিনয়, নির্মাণ ও লেখালেখির পাশাপাশি সংগীতেও কুসুমের এই ফিরে আসা তাঁর বহুমুখী সৃজনশীলতার আরেকটি দিক সামনে নিয়ে এসেছে।