Cvoice24.com

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১৬, ২৩ নভেম্বর ২০২৬
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং তার কথা বা আচরণে দলে ফেরার কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

পরিশেষে তিনি লেখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে দলটি।

পরে বহিষ্কৃত নেতাদের অধিকাংশই বিএনপিতে ফেরার আবেদন করেন। তবে রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, তিনি দলে ফেরার জন্য কোনো আবেদন করেননি।

রাজনীতি সব খবর