Cvoice24.com

কোটালীপাড়ায় জামায়াতের ইউনিয়ন সভাপতির পদত্যাগের ঘোষণা

সিভয়েস২৪ ডেস্ক
১৬:১৮, ২০ নভেম্বর ২০২৬
কোটালীপাড়ায় জামায়াতের ইউনিয়ন সভাপতির পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। ব্যক্তিগত কারণে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে প্রায় তিন মাস আগেই সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি।

তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ তার দায়িত্ব ছাড়ার বিষয়টি জানতেন না। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

আবুল কালাম শেখ আরও বলেন, তার ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই তিনি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনীতি সব খবর