চট্টগ্রামে আ.লীগের তিন শীর্ষ নেতার বাড়িতে পুলিশের হানা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আ জ ম নাছির উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাহতাব উদ্দিন চৌধুরীর অবস্থান জানতে তাদের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের তিনটি পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনেও তল্লাশি চালানো হয়, যেখানে তার ছেলে নওফেলকে খোঁজ করা হয়। তবে কাউকেই পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার রাতে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা বাসায় প্রবেশ করে তল্লাশি করেন এবং আ জ ম নাছির উদ্দিনের অবস্থান জানতে চান। পরে তারা সেখান থেকে চলে যান।
একই রাতে পাঁচলাইশের চশমা হিল এলাকায় প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ। সেখানে তার ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে খোঁজ করা হয়। তবে তাকে বাসায় পাওয়া যায়নি। এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র ছিলেন। তার স্ত্রী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর চকবাজার থানার পল্টন রোডের বাসভবনেও অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর ছেলে।
অভিযানের বিষয়টি পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এসব অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, কিংবা সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে কি না, তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












