চন্দনাইশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাগিছাহাট খাঁন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোহাজারী থেকে আসা মুরগির বাচ্চাবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস ট্যাংকবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুই ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে জট তৈরি হয়। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, খাঁন বটতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














