অবস্থা সংকটাপন্ন
আনোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্রী আহত
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় উল্টোপথে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় দিলশাদ (২১) নামে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দিলশাদ পটিয়া উপজেলার বাসিন্দা। তার বাবা আনিসুজ্জামান মারা গেছেন। মায়ের নাম রিজিয়া বেগম। তিনি আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কলেজে ভর্তির কাগজপত্র জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
দিলশাদের মা রিজিয়া বেগম বলেন, ‘গতকাল আমরা বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সকালে মেয়ে কলেজে যাওয়ার পথে উল্টোপথে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, বর্তমানে দিলশাদ লাইফ সাপোর্টে রয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












