Cvoice24.com

অসুস্থ সঙ্গিনীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি, চলছে চিকিৎসা

কক্সবাজার প্রতিনিধি
১৮:৩৭, ১৬ নভেম্বর ২০২৬
অসুস্থ সঙ্গিনীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি, চলছে চিকিৎসা

পেছনের ডান পায়ে গভীর ক্ষত। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতেও পারছে না বন্য স্ত্রী হাতিটি। কিন্তু এমন অসুস্থতার মধ্যেও একা নয় সে। পাশে সারাক্ষণ অবস্থান করছে একটি পুরুষ হাতি। চলার সময় সঙ্গ দিচ্ছে, এগিয়ে যেতে কষ্ট হলে পাশে থাকছে। কয়েক দিন ধরে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় দেখা যাচ্ছে হাতি দুটির এমন দৃশ্য।

স্থানীয়দের মধ্যে হাতি দুটির এই দৃশ্য যেমন সহানুভূতি তৈরি করেছে, তেমনি আহত হাতিটির পরিণতি নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। খবর পেয়ে বন বিভাগের উদ্যোগে ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় হাতি দুটিকে দেখা যায়। কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তাদের বিচরণ করতে দেখা গেছে।

স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে গিয়ে ক্ষতস্থানে পচন ধরেছে। আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না।

স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী বা মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কীভাবে বা কার আঘাতে হাতিটি আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটি যখন চলার চেষ্টা করছে, পুরুষ হাতিটিও তার কাছাকাছি থাকছে। বারবার পাশে এসে সঙ্গ দিচ্ছে। স্ত্রী হাতিটির চলাফেরায় কষ্ট হলেও পুরুষ হাতিটিকে তাকে ছেড়ে যেতে দেখা যায়নি।

বাহারছড়া এলাকায় প্রায়ই খাদ্যের সন্ধানে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। কখনো একা, কখনো জোড়ায় কিংবা দলবদ্ধভাবে আসে তারা। এতে সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। হাতির আক্রমণে মানুষের আহত হওয়ার ঘটনাও ঘটে। তবে এবার আহত হাতিটির অবস্থা দেখে দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি জানান, হাতিটির চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেছে। আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করেন বা আক্রমণের চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত করা না গেলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে। তারা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে হাতিটিকে সুস্থ করে তোলার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের বর্ষা মৌসুমে টেকনাফের পাহাড় থেকে পাদদেশে পড়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছিল।