উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আটটি জীবিত বক।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে পাখি শিকারের জন্য পেতে রাখা প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া শিকারের ফাঁদ হিসেবে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর ধ্বংস করা হয়। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করে উখিয়া রেঞ্জ কার্যালয়ে অবমুক্ত করা হয়েছে।
উখিয়া সদর বিটের উদ্যোগে পরিচালিত এ অভিযানে কক্সবাজার স্পেশাল টিমের সদস্যদের পাশাপাশি রাজারকুল, পানেরছড়া, ইনানী ও উখিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এবং বনকর্মীরা অংশ নেন।
কক্সবাজার সব খবর















