Cvoice24.com

চিকিৎসাসেবায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. শাহাদাতের

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৩:১৮, ১৫ নভেম্বর ২০২৬
চিকিৎসাসেবায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. শাহাদাতের

দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসার সুযোগ বাড়াতে দেশি-বিদেশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চিকিৎসা খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। এ ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের মতো উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরের হোটেল দ্য পেনিনসুলায় আয়োজিত ‘২য় এমভিটি সামিট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) উদ্যোগে দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীনের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের চিকিৎসাসেবার মান উন্নয়নে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের এ উদ্যোগ সময়োপযোগী। সাধারণ মানুষের জন্য সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী, ডেইলি মর্নিং টুডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ শাহীন এবং দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক দিদারুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আজিম আলী চট্টগ্রামে চিকিৎসা পর্যটন খাতের বিকাশে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এর আগে, সম্মেলনে অংশ নেওয়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন ডা. শাহাদাত হোসেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের স্বাস্থ্যবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ‘হেলথ টক বিডি’র ওয়েবসাইট উদ্বোধন করেন। এ উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটেন তিনি।

সম্মেলনের সমাপনী পর্বে ফোরামের সভাপতি আব্দুল আলিম রাজু আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সহসভাপতি দাঊদ আরমান।

এর আগে একই দিন দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আয়োজকেরা জানান, দিনব্যাপী সম্মেলনে চিকিৎসা খাতের বিভিন্ন বিষয় নিয়ে ‘ডক্টরস টক’ এবং দেশি-বিদেশি হাসপাতাল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বিটুবি বৈঠকের আয়োজন করা হয়।

সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ভারতের স্টার হাসপাতাল এবং গোল্ড স্পন্সর ছিল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর